সমসাময়িক বিষয়ে ইসলামিক প্রশ্নত্তোর পর্ব-০৩

 প্রশ্ন (১): আমার এলাকায় কিছু মসজিদে ইক্বামত শুরু হয়ে ‘ক্বাদকামাতিছ ছালাহ’বলার সময় সবাইদাঁড়িয়ে কাতার সোজা করে। ইক্বামত শুরুর কোনো পর্যায়েদাঁড়াতে হবে?

উত্তর : মুক্তাদী চাইলে ইকামতের শুরুতেও কাতারে দাঁড়াতে পারে, আবার ইকামত চলা অবস্থাতেও দাঁড়াতে পারে। এই বিষয়ে প্রশস্ততা রয়েছে। কেননা ইকামতের নির্দিষ্ট কোনো সময়ে ছালাতে দাঁড়াতে হবে মর্মে কোনো দলীল নেই (মাজমূ ফাতাওয়া ইবনু বায, ১০/৩৬৭)। তবে ইকামতের সময়ে যদি ইমাম উপস্থিত না থাকে, তাহলে ইমামকে না দেখা পর্যন্ত কাতারে দাঁড়াবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي ‘ছালাতের ইকামত দেওয়া হলে, আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না’ (ছহীহ বুখারী, হা/৬৩৭; ছহীহ মুসলিম, হা/৬০৪)। অনেক মসজিদে সকল মুছল্লীর না দাঁড়ানো পর্যন্ত ইকামত শুরুই করা হয় না, যা সুন্নাহসম্মত নয়। আবার ‘ক্বদ ক্ব-মাতিছ ছালাহ’ বলার সময়ই দাঁড়াতে হবে, তার আগে কিংবা পরে দাঁড়ানো যাবে না, এমন নিয়ম করাও বিদআত।


প্রশ্ন (২): সুন্নাত বা নফল ছালাত আদায়কারীর পিছনে ফরয ছালাত আদায় করা যাবে কি?

উত্তর: নফল ছালাত আদায়কারীর পিছনে ফরয ছালাত আদায় করা যায়। জাবের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মুআয ইবনু জাবাল রাযিয়াল্লাহু আনহু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ফরয ছালাত আদায় করতেন। তারপর নিজ সম্প্রদায়ের নিকট এসে তাদের ছালাতের ইমামতি করতেন (ছহীহ বুখারী, হা/৭০১, ৭১১; ছহীহ মুসলিম, হা/৪৬৫)। অত্র হাদীছে প্রমাণিত হয় যে, নফল ছালাত আদায়কারীর পিছনে ফরয ছালাত আদায় করা যায়।


প্রশ্ন (৩): স্বামী-স্ত্রী দুইজনে বাড়িতে জামাআত সহকারে ছালাত আদায় করলে জামাআতের নেকী পাবে কি?

উত্তর: পুরুষদেরকে মসজিদে গিয়ে জামাআতের সাথে ছালাত আদায় করতে হবে। যারা জামাআতে আসে না, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ইচ্ছা করেছেন (ছহীহ বুখারী, হা/৬৪৪)। তবে কারণবশত কারো বাড়িতে ছালাত আদায় করা লাগলে স্ত্রীর সাথে জামাআত করে ছালাত আদায় করলে জামাআতের নেকী পাবে (ছহীহ বুখারী, হা/৬৪৫-৬৪৬)। উল্লেখ্য, এমতাবস্থায় স্বামী সামনে দাঁড়াবে আর তার পিছনে দাঁড়াবে।


প্রশ্ন (৪) : ছালাতে কাতারের ডান পাশে দাঁড়ানোর বিশেষ কোনো ফযীলত আছে কি?

উত্তর : হ্যাঁ, কাতারের ডান পাশে দাঁড়ানোর মধ্যে বিশেষ কিছু ফযীলত আছে। বারা ইবনু আযেব রাযিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে ছালাত আদায় করতাম তখন তার ডান দিকে দাঁড়ানো পছন্দ করতাম, যেন তিনি সালাম ফিরানোর পরে আমাদের দিকে মুখ করে বসেন (আবূ দাঊদ, হা/৬১৫)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, নিশ্চয় কাতারের ডান দিকের (মুছল্লীর) উপর আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা দু‘আ করেন (আবূ দাঊদ, হা/৬৭৬; ইবনু হিব্বান, হা/২১৬০)।

প্রশ্ন (৫) : ‘কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়ালে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে’ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?

উত্তর : হ্যাঁ, এ মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ। উরওয়া ইবনু যুবায়ের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কাতারের ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন’ (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/৩৮৪৪; তারগীব, হা/৫০৫; সিলসিলা ছহীহা, হা/১৮৯২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘কোনো বান্দা যখন কাতারের সাথে মিলে দাঁড়ায়, তখন আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন এবং ফেরেশতাগণ তার উপর কল্যাণ ছড়িয়ে দেন’ (সিলসিলা ছহীহা, ২৫৩২ নং হাদীছের অধীনে)।


প্রশ্ন (৬) : চল্লিশ দিন তাকবীরে উলার সাথে ছালাত আদায়ের কোনো ফযীলত আছে কি?

উত্তর : এতে দুই ধরনের ফযীলত আছে। যথা- (১) জাহান্নাম থেকে মুক্তি ও (২) মুনাফিক্বী থেকে মুক্তি। আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিন তাকবীরে উলার সাথে আল্লাহর জন্য জামাআতে ছালাত আদায় করে, তার জন্য দুটি মুক্তি বরাদ্দ করা হয়। তা হলো জাহান্নাম থেকে মুক্তি ও মুনাফিক্বী থেকে মুক্তি’ (তিরমিযী, হা/২৪১; সিলসিলা ছহীহা, হা/১৯৭৯)।


প্রশ্ন (৭): প্লাস্টিকের টুপি পরে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর: ছালাতের সময় টুপি মাথায় দেওয়া জরুরী নয়। বরং এদেশের মানুষ টুপিকে ভালো পোশাক হিসাবে বিবেচনা করে করে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ‘হে আদম সন্তান! প্রত্যেক ছালাতের সময় সুন্দর পোশাক-পরিচ্ছদ গ্রহণ করো’ (আল-আ‘রাফ, ৭/৩১)। মাথা ঢেকে পরিপূর্ণ অবয়বে হাজির হওয়ার আল্লাহই বেশি হক্বদার। মাথা খালি রেখে ইবাদতের জায়গায় যাওয়া কিংবা পথে-ঘাটে চলাচল করা সালাফদের রীতিতে ছিল না। বরং তা বিধর্মীদের সংস্কৃতি, যা দুঃখজনকভাবে মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে (তামামুল মিন্নাহ, পৃ. ১৬৪)। তাই ছালাতের সময় টুপি পরিধান করা ভালো কাজ। এক্ষেত্রে প্লাস্টিকের, সূতার, কাপড়ের সহ যেকোনো টুপি পরতে পারে।


প্রশ্ন (৮) : ছালাতে ভুল হয়েছে মনে করে ইমাম সাহেব সাহু সিজদা দিয়ে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে মুক্তাদীগণ বললেন, ছালাত এক রাকআত কম হয়েছে। এখন করণীয় কী?

উত্তর : এমতাবস্থায় উক্ত রাকআত আদায় করে নিবে এবং সাহু সিজদা দিবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মাগরিবের দুই রাকআত ছালাত আদায় করে সালাম ফিরালেন। ছাহাবীগণ বললেন, ছালাত কম হয়েছে। তখন তিনি রাকআত পূর্ণ করলেন এবং সাহু সিজদা দিয়ে সালাম ফিরালেন (ছহীহ বুখারী, হা/৮২৯)।


Comments